ঝালকাঠির রাজাপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মেহেরিমা নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ও মা।
শনিবার (১৪ মার্চ) বিকেল সোয়া চারটার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের বাগড়ি বাজার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা ও বরিশালে কর্মরত নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ নিজেই প্রাইভেট কারটি চালিয়ে মোংলা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথে রাজাপুরের বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তার দেড় বছর বয়সী মেয়ে মেহেরিমা এবং স্ত্রী রুমানা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু মেহেরিমাকে মৃত ঘোষণা করেন। আহত লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ ও তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা-বরিশাল মহাসড়কের বাগড়ি বাজার এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন।





