সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। নিহতেরা জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সিলেট-জাফলং মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন-জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল (২৫), একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল (২৬), কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জৈন্তাপুর থানা এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেট কারে থাকা যাত্রীদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।





