জামালপুরে ২৪০ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়াীকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) সকালে জামালপুর-শেরপুর ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা বখতিয়ার হোসেনের ছেলে আনছার আলী (৩৫) ও জামালপুরের দেওয়ানগঞ্জ থানার পাথরের চর গ্রামের বাসিন্দা শফি উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৩০)।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বুধবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-শেরপুর ব্রীজের উপর থেকে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২৪০ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করে পুলিশ। আকটকৃত দুইজন পেশাদার মাদক কারবারি বলে জানান তিনি। আর আটককৃত এসব মদ টাঙ্গাইলে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।
আটককৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় বিদেশি মদ ও পিকআপ আটকের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আটক আসামিদেরকে আদালতে চালান দেয়া হয়েছে।





