Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

admin • 27 Apr 2025, 07:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা ও রাজনৈতিকভাবে হেয় করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সিধুলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফরহাদ হোসেন টিক্কা। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে প্রেসক্লাব জামালপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

 

লিখিত বক্তব্যে ফরহাদ হোসেন টিক্কা বলেন, "দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও মিথ্যা মামলার ভয়ে আত্মগোপনে থাকতে হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে শুরু করি। কিন্তু এখন আবার আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।"

 

তিনি অভিযোগ করে বলেন, গত বছরের ১৮ মার্চ সকালে তার বাড়ির পাশে শিমুলতলা জোড়াব্রিজ এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভিড় করেন। পরে তিনি নিজে নিহতের বড় ভাই মতিউর রহমানকে ফোন করে ঘটনাটি জানান। পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল, লোহা কাটার হেস্কু ব্লেড ও নাট-বল্টু খোলার সরঞ্জাম উদ্ধার করা হয়, যা মরদেহের লুঙ্গির কোচায় ছিল।

 

এ ঘটনায় নিহত সুমন মিয়ার স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে ১৯ মার্চ মাদারগঞ্জ মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সুমন মিয়া ইফতার শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে ভোরে বড় ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ শনাক্ত করা হয়।

 

ফরহাদ হোসেন টিক্কা জানান, মামলার পর পুলিশ রফিকুল ইসলাম ও বেলাল হোসেন নামের দু'জনকে গ্রেপ্তার করে। তবে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে উল্লেখ করে, মামলা ভিত্তিহীন এবং কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। সেই সঙ্গে গ্রেপ্তার হওয়া দুই আসামিকেও মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

সংবাদ সম্মেলনে ফরহাদ হোসেন টিক্কা আরও বলেন, নিহতের বড় ভাই আওয়ামী লীগ নেতা মতিউর রহমান রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং নতুন করে নাটক সাজাচ্ছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।