জামালপুর পৌর শহরের যোগিরগোপা এলাকায় এক বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল নয়টার দিকে পৌরসভার ১১নং ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীরের নেতৃত্বে জাতীয়তাবাদী মৎসজীবী দলের সাধারণ সম্পাদক জিবরাইল হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
বিএনপি ওই নেতা জানান, আওয়ামী লীগ নেতা আলমগীরের নেতৃত্বে ৪০-৫০ জন নেতাকর্মী অতর্কিত তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ঘরের দরজা জানালা ভাঙচুর করে।
জেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আ. হালিম জানান, হামলাকারীদের সঙ্গে তার কোন শত্রুতা নেই। শুধু বিএনপি করাটাই তার অপরাধ।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আলমগীর বলেন, আমাদের এক নেতার গায়ে হাত তোলায় স্থানীয়রা ও কতিপয় নেতাকর্মী জিবরাইলের বাড়িতে গেলে তিনি তাদের ফিরিয়ে আনেন। সেখানে কোন ভাঙচুরের ঘটনা ঘটেনি।
জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির বলেন, বাড়িঘরে হামলার বিষয়ে কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।





