জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার লাহিড়ীকান্দা বাজা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন।
নিহত আবু সাঈদ পিকআপ ভ্যান চালক ও ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা।
এই দুর্ঘটনায় আহতরা হলেন-তানভীর ও জাহিদ। তারা তিনজনই ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানির স্টাফ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সঙ্গে ঢাকাগামী রাজিব বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক আবু সাঈদের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাসুদুজ্জামান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।





