Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে বড় ছেলের হত্যায় মামলার বাদী হলেন মা, আসামী ছোট ছেলে

Shakib Nahid • 08 Mar 2026, 09:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে বড় ছেলের হত্যায় মামলার বাদী হলেন মা, আসামী ছোট ছেলে
জামালপুরের মেলান্দহ উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মোঃ মাসুদ মিয়া (৩০) নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। রোববার (৮ই মার্চ ) বিকেলে নিহতের মা মাছুমা আক্তার বাদী হয়ে মেলান্দহ থানায় ছোট ছেলে মোঃ হাসিব মিয়ার বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন। তবে এ ঘটনার পর থেকে অভিযুক্ত হাসিব পলাতক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এর আগে গতকাল রাত ৯টা দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাসুদ মিয়া ও তার সৎ ছোট ভাই হাসিবের মধ্যে বসতভিটা ও পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে প্রায়ই দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হতো। গতকাল শনিবার (৭ই মার্চ,২০২৬) সন্ধ্যায় ইফতারের পর একই বিষয়কে কেন্দ্র করে আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ছোট ভাই হাসিব ঘরের ধর্নার কাঠের লাঠি দিয়ে বড় ভাই মাসুদের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় মাসুদকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ মিয়া নয়ানগর গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে। অভিযুক্ত হাসিব তার সৎ ছোট ভাই। স্থানীয়রা জানান, মাসুদের বাবা আমিনুর রহমানের মৃত্যুর পর তার মা চাচার সঙ্গে পুনরায় বিয়ে করেন। সেই সংসারেই হাসিবের জন্ম হয়। পরবর্তীতে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।