সাকিব আল হাসান নাহিদ, জামালপুর :
‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জামালপুর জেলা শাখা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা শিবিরের সেক্রেটারি নাঈম হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনসের (ইফসু) সেক্রেটারি জেনারেল এবং তুরস্কের আহি এভরান বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মাহমুদুল হাসান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর শহর জামায়াতে ইসলামীর আমির আল ইমরান সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামালপুর পৌরসভার মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে তাদের হাতে কোরআন শরিফ, ক্রেস্ট, বইসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।





