Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে জাল টাকাসহ সাবেক পুলিশ সদস্য গ্রেফতার

admin • 07 Aug 2025, 09:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে জাল টাকাসহ সাবেক পুলিশ সদস্য গ্রেফতার
জামালপুরের সরিষাবাড়ীতে সোনালী ব্যাংকের ভেতরে প্রতারণার সময় জাল টাকাসহ মামুনুর রশিদ (৪০) নামে এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সরিষাবাড়ী থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
একইদিন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল-মামুন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মামুনুর রশিদ জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তিনি পুলিশের সাবেক সদস্য।
বুধবার দুপুরে সরিষাবাড়ী পৌর শহরের আরামনগর এলাকায় সোনালী ব্যাংকের কমপ্লেক্স শাখার ভেতরে প্রতারণার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি জাল ৫০০ টাকার নোট দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে আসল টাকা সংগ্রহ করতেন। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকার মোট ৩২টি জাল নোট ও নগদ দুই লাখ টাকা জব্দ করা হয়।
পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(বি) ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ আরও জানায়, মামুনুর রশিদের বিরুদ্ধে শহরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। এছাড়া মাদারগঞ্জ থানাসহ বিভিন্ন এলাকায়ও জাল টাকার মাধ্যমে প্রতারণার অভিযোগ রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান, এসআই শুভ্রত, এসআই শাহাদাৎ হোসেনসহ আরও অনেক পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।