জামালপুরের মেলান্দহে গৃহবধূ রিথি হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান রাব্বি ও তাঁর বাবা আল মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোরে গাজীপুর জেলার শ্রীপুর থানা থেকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার শেরপুরের জঙ্গলদী থেকে রাব্বির বাবা আল মামুনকে গ্রেপ্তার করা হয়।
দুপুরে জামালপুর র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।
র্যাবের এই কর্মকর্তা জানান, ৬ মাস আগে মেলান্দহের চরপলিশা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিথির সঙ্গে বিয়ে হয় একই গ্রামের আল মামুনের ছেলে রাব্বির। প্রেম করে বিয়ে করায় এই সম্পর্ক মেনে নিতে পারেনি রাব্বির পরিবার। এ জন্য প্রায়ই রিথির ওপর শারীরিক নির্যাতন চালাত রাব্বির পরিবার। এরপরেও শ্বশুর বাড়িতেই থেকে যান রিথি।
আশিক উজ্জামান আরও জানান, গত ২০ সেপ্টেম্বর বিকেলে শারীরিক নির্যাতনের একপর্যায়ে মারা যান রিথি। এসময় রিথির মরদেহ বাড়িতে ফেলে পালিয়ে যান রাব্বি ও তাঁর পরিবার। পরে বিষয়টি জানাজানি হলে রিথির স্বজনেরা গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
এই ঘটনায় রিথির বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় রাব্বিসহ ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই তদন্ত শুরু করে র্যাব।
তদন্তে বিভিন্ন তথ্য, উপাত্ত যাচাই বাছাই করে গতকাল সোমবার শেরপুরের জঙ্গলদী থেকে রাব্বির বাবা আল মামুনকে এবং আজ ভোরে গাজীপুরের শ্রীপুর থেকে রাব্বিকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতদের মেলান্দহ থানায় হস্তান্তরের কথা জানিয়েছেন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।





