জামালপুরের মেলান্দহ উপজেলায় আঙ্গুরী বেগম (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০২ অক্টোবর) সকাল ৭টা দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৫নং চর এলাকার নিহতের শশুরবাড়ী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ আঙ্গুরী বেগম ওই এলাকার আমিজ উদ্দিনের স্ত্রী ও মৃত হোসেন আলী শেখের মেয়ে।
পরিবারের বরাত পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে বাড়ির নিকটবর্তী সাধুপুর জমশের আলী মুন্সি উচ্চ বিদ্যালয় মাঠে নাটক দেখতে যাওয়ার কথা শুনে স্বামীকে বাধা দেয় স্ত্রী। স্ত্রীর বাধা না মেনে নাটক দেখতে যায় স্বামী আজিমউদ্দিন। নাটক শেষ করে ভোর রাত ৪টার দিকে বাড়ি ফিরে আজিমউদ্দিন।
বাড়িতে ফিরে কোনো সাড়াশব্দ না পেয়ে অনেক ডাকাডাকির পর ছোট ছেলে দরজা খুলে দেয়। পরে ঘরে ঢুকে স্ত্রীকে না পেয়ে ছেলেকে নিয়ে খোঁজাখুজি করতে থাকে আজিমউদ্দিন। খোঁজাখুজির এক পর্যায়ে ঘরের মাচার ধর্নার সাথে স্ত্রীর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাদের ডাক- চিৎকারে স্থানীয়
লোকজন এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সোমবার সকালে আঙ্গুরির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় আনে পুলিশ।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে মো. হামিদ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার কারন জানা যাবে।’





