নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর এক নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে মারধর করে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
আহত জামায়াত নেতার নাম হাফেজ আব্দুর রাজ্জাক। তিনি ছাতারদীঘি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও করচমারিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ২টায় নামাজ শেষে ফেরার পথে উপজেলার কালীগঞ্জ এলাকা থেকে অস্ত্র দেখিয়ে জামায়াতের ওই নেতাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
পরে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার একটি সড়কে চোখ বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান তারা।
নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ‘এমন একটা ঘটনা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।’





