Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাবি শিবিরের সম্মিলিত ইফতারে উপচেপড়া ভিড়, খাবার পায়নি শত শত শিক্ষার্থী

admin • 04 Mar 2026, 08:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাবি শিবিরের সম্মিলিত ইফতারে উপচেপড়া ভিড়, খাবার পায়নি শত শত শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সম্মিলিত ইফতার মাহফিলে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে আয়োজনে কিছু অব্যবস্থাপনার কারণে কয়েকশ শিক্ষার্থী খাবার না পেয়েই ফিরে গেছেন বলে জানা গেছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, ইফতারে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের নারী ও পুরুষ শিক্ষার্থীরা বিকেল থেকেই কেন্দ্রীয় খেলার মাঠে জড়ো হন। ইফতারের নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আসন পূর্ণ হয়ে যায়। এ সময় খাবার বিতরণে স্পষ্ট অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়।

 

আরও লক্ষ্য করা গেছে, আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অংশীজনদের জন্য থাকলেও ক্যাম্পাসের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কিছু মানুষের উপস্থিতি ছিল। বহিরাগতদের উপস্থিতি এবং আয়োজকদের এমন অব্যাবস্থাপনার জন্য বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থীকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও শেষে ইফতার না নিয়েই ফিরে আসতে হয়েছে। ছেলে ও মেয়েদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করা হলেও তা কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শহীদ মিনার পর্যন্ত দীর্ঘ হয়ে পড়ে। লাইনে দাঁড়িয়ে থাকা অধিকাংশ শিক্ষার্থী শেষ পর্যন্ত ইফতার পাননি বলে অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন।

 

অতিরিক্ত উপস্থিতির বিষয়ে আয়োজকরা জানান, প্রায় তিন হাজার শিক্ষার্থীর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে প্রত্যাশার তুলনায় অনেক বেশি শিক্ষার্থী উপস্থিত হওয়ায় খাবারের সংকট তৈরি হয়।

 

এ ঘটনায় ইফতারে অংশ নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। এদিকে ইফতার শেষে ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন জাবি শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান।

 

তিনি বলেন, “আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি শিক্ষার্থী ভাই-বোন উপস্থিত হওয়ায় কিছু সংখ্যক শিক্ষার্থীর কাছে আমরা ইফতার পৌঁছাতে পারিনি।

 

তিনি আরও বলেন, গত বছরের অভিজ্ঞতার আলোকে এ বছর আমরা ৩০০০+ শিক্ষার্থীর জন্য আয়োজন রেখেছিলাম। তারপরেও শেষ মুহূর্তে খাবার সংকুলান না হওয়ায় অনেককেই ইফতার না নিয়ে ফিরে যেতে হয়েছে।

 

আমরা সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পরবর্তী যেকোনো আয়োজনে আমরা আরও বেশি সতর্ক থাকবো, ইনশাআল্লাহ।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।