Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

Sohag Shah • 13 Oct 2025, 09:54 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

জুনিয়র ব্যাচের একাধিক শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি কতৃর্ক স্বাক্ষরিত এক জরুরী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন: মো. তানভীর রহমান মুন, মো. আব্দুল্লাহ আল ফাহাদ, আব্দুল্লাহ আল সাঈদ, মো. আবু তালহা রনি, রাজিব শেখ, এস. এম. মাহামুদুন্নবী, মো. আবু সাইদ, জান্নাতুল আদন, আহম্মেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মো. মাহামুদুল হাসান ফুয়াদ, মো. আল হাসিব, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিবুল হাসান নিবির, মো. জাহিদুল ইসলাম এবং উশান্ত ত্রিপুরা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২১ নং (ছাত্র) হলে ওই বিভাগের ৫৪তম ব্যাচের বেশকিছু শিক্ষার্থীদের সঙ্গে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। পরে ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে দোষীদের শাস্তির আওতায় নিতে প্রশাসন এমন পদক্ষেপ গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নির্দেশে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৪(১)(খ) অনুযায়ী এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে ঘটনাটির তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খান এবং সদস্য-সচিব হিসেবে ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ। কমিটিকে ২১ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোহাগ/মিরর  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।