জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃক জুলাই শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘আল্টিমেট স্ম্যাশার’ এবং রানার্সআপ হয়েছে টিম ‘দ্য সিন্ডিকেট’।
শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে তিনটায় হল সংলগ্ন সিডনি ফিল্ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক জিওলজিকাল সাইন্স বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী তাসিফ ওয়াহিদ খান।
ম্যান অফ দা ফাইনাল হয়েছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান।
টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে হলের আবাসিক শিক্ষার্থী মাহমুদুর রহমান বলেন, জুলাই আন্দোলনের পর আমাদের হলের শিক্ষার্থীরা অনেকটাই নিরব হয়ে পড়েছিলেন। হলের জুনিয়র থেকে সিনিয়র সকল ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সকল ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং হল প্রশাসনের সহায়তায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রেজাউল বলেন, আমরা হলের শিক্ষার্থীদের খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়াস অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় সফলভাবে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। সামনে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। শিক্ষার্থীদের কল্যাণে আমরা হল প্রশাসন সব সময় পাশে আছি।
ফাইনাল ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রেজাউল এবং হলের আবাসিক শিক্ষকবৃন্দ।
সোহাগ/মিরর





