জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বীরপ্রতীক তারামন বিবি আবাসিক হলের গেস্ট রুমে এক নারী শিক্ষার্থীকে তার পার্টনারের সাথে আপত্তিকর অবস্থায় দেখার পর শালীনতা বজায় রাখার অনুরোধ করলে অনুরোধকারী সেই সিনিয়র শিক্ষার্থীকে হিজাব নিয়ে কটুক্তি ও গালিগালাজের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হলের গেস্টরুমে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থী সুমাইয়া হাসিন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী এবং তার সঙ্গে থাকা অপর শিক্ষার্থী (পার্টনার) সিফাত আরেফিন ইতিহাস বিভাগের ৫২ তম আবর্তনের শিক্ষার্থী বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ৫২ তম আবর্তনের ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী ওসমান সরদারের সঙ্গে একটি মিটিং সংক্রান্ত আলোচনা করতে গেস্ট রুমে যান। সেখানে গিয়ে তিনি এক ছাত্রীকে তার পার্টনারের সঙ্গে “অপ্রীতিকর অবস্থায়” দেখতে পান।
অভিযোগ অনুযায়ী, গেস্টরুমের শালীনতা বজায় রাখার কথা বলতেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই সময় ছেলেটি নিজেকে মেয়েটির “পার্টনার” পরিচয় দেয়। পরে তারা ভুক্তভোগী শিক্ষার্থীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী আরও দাবি করেন, একপর্যায়ে অভিযুক্ত ছাত্রী তার দিকে মারতে তেড়ে আসেন এবং তিনি হিজাব পরিহিত থাকায় হিজাব নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। পাশাপাশি তার পরিবার নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
ঘটনার সময় হল সুপার উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনাটি গেস্ট রুমের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সোহাগ/মিরর





