Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আশেক মাহমুদের আঁখির কৃতিত্ব

Shakib Nahid • 24 Aug 2025, 01:23 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আশেক মাহমুদের আঁখির কৃতিত্ব

পড়াশোনা, রাজনীতি, সমাজসেবা ও সাংস্কৃতিক অঙ্গন সব ক্ষেত্রেই সমানতালে এগিয়ে চলেছেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী আফরিন জান্নাত আঁখি। মেধা, নেতৃত্বগুণ ও সাংস্কৃতিক প্রতিভার সমন্বয়ে বহুমাত্রিক এই তরুণী জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গণসংগীতে রানার আপ হয়ে নতুন এক গৌরব অর্জন করেছেন।

শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। প্রতিযোগিতায় প্রখ্যাত গীতিকার ও সুরকার সলীল চৌধুরীর জনপ্রিয় গান “আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ” পরিবেশন করে আফরিন রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

এ উপলক্ষে আখিসহ অন্যান্য বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

জানা যায়, প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে ৮ বিভাগের প্রতিনিধিত্বকারী ৮ জন করে অংশ নেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জেলা পর্যায় থেকে প্রতিযোগিতার যাত্রা শুরু হয় এবং ২১ এপ্রিল বিভাগীয় পর্যায়ের পর্ব অনুষ্ঠিত হয়। আফরিন জান্নাত আঁখি জামালপুর জেলা ও ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে রবীন্দ্রসংগীত ও গণসংগীতে অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে গণসংগীতে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশ নেন এবং দ্বিতীয় স্থান লাভ করেন।

শিক্ষার্থীর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ বলেন, আফরিন জান্নাত আঁখি শুধু পড়াশোনাতেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও যে অসাধারণ প্রতিভা ও একনিষ্ঠতা দেখিয়েছে, তা আমাদের কলেজ তথা জেলার জন্য গর্বের বিষয়। জাতীয় মঞ্চে দ্বিতীয় স্থান অর্জন নিঃসন্দেহে একটি বড় অর্জন। শিক্ষার্থী জীবনে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে সে যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে। আমরা তার ভবিষ্যৎ জীবনে আরও বড় সাফল্য কামনা করছি।

নিজের অনুভূতি ব্যক্ত করে আফরিন জান্নাত আঁখি বলেন, শিক্ষার্থী জীবনের শেষ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়ে খুবই আনন্দিত। প্রতি বছরের একপাক্ষিক রেজাল্ট থেকে বের হয়ে এবারের বিচারকার্য ছিল সত্যিই প্রশংসনীয়। এ ধারা অব্যাহত থাকুক।

উল্লেখ্য,আফরিন জান্নাত আঁখি পড়াশোনার পাশাপাশি রাজনীতি, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমানভাবে সক্রিয়। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ নম্বর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।