Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

জাতীয় নির্বাচনের আগে ইসিকে বড় পরীক্ষায় ফেলছে বিএনপি

admin • 10 Dec 2022, 07:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাতীয় নির্বাচনের আগে ইসিকে বড় পরীক্ষায় ফেলছে বিএনপি

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাত এমপি। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ইমেইল যোগে তারা পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে সমাবেশে জানিয়েছেন কয়েকজন এমপি।

যদিও সংসদ সচিবালয় সূত্র বলছে, কোনো এমপি ই-মেইলে পদত্যাগপত্র পাঠালেও সেটি গ্রহণের সুযোগ নেই। কেউ পদত্যাগ করতে চাইলে সশরীরে সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।

এদিকে জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র এক বছর। এমন সময়ে বিএনপির এমপিরা পদত্যাগ করলে নির্বাচন কমিশনের জন্য সেটা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, বিএনপি একটা রাজনৈতিক চাল চেলেছে। জাতীয় নির্বাচনের আগে ৬টি আসনে (একটি সংরক্ষিত নারী আসন) একসঙ্গে উপ-নির্বাচনের পথ করে সরকার এবং নির্বাচন কমিশনকে পরীক্ষায় ফেলতে চায় দলটি।

এমন পরিস্থিতিতে বিএনপির এমপিদের পদত্যাগ পরবর্তী আইনি প্রক্রিয়া কী তা নিয়ে সোনালীনিউজের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান।

বিএনপির এমপিদের পদত্যাগের ঘোষণার পর শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ফোনে তিনি বলেন, পদত্যাগ করলে নিয়ম অনুযায়ী তিন মাসের (৯০ দিন) মধ্যে সেসব আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তার আগে আসনগুলো শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করবে জাতীয় সংসদ।

তিনি বলেন, নির্বাচনী আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশনে আসলে পরবর্তী তিন মাসের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী ইসি ব্যবস্থা নেবে। 

ক্ষেত্র বিশেষে উপ-নির্বাচনের সময় আরও বাড়ানো যায় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এমন একটি আইন আছে, তিন মাসের জায়গার ৬ মাস সময় নেওয়া যায়। তবে জাতীয় নির্বাচনের এখনও যেহেতু একবছর বাকি তাই আসন শূন্য ঘোষণার তিন মাসের মধ্যেই উপ-নির্বাচন হবে। 

বিএনপির সাত এমপির পদত্যাগের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিএনপির সংসদ সদস্যদের কোনো চিঠি আমি পাইনি। আমার কাছে কোনো চিঠি আসেনি।’

গোলাপবাগের সমাবেশে বিএনপির সাত জন সংসদ সদস্য পদত্যাগ করেন শনিবারের সমাবেশে। স্পিকার এ প্রসঙ্গে বলেন, ‘কোথায় বলেছেন বলতে পারি না। আজ তো অফিস বন্ধ। আমার কাছে কোনো চিঠি আসেনি।’ 

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদে সংসদ সদস্যদের পদত্যাগের প্রক্রিয়ার উল্লেখ রয়েছে।এতে বলা হয়, ‘কোন সংসদ-সদস্য স্পীকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পীকার- কিংবা স্পীকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোন কারণে স্পীকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পীকার- যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।