Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জাতীয় কবিকে স্মরণে জামালপুর নজরুল সংগীত শিল্পী পরিষদের আয়োজন

Shakib Nahid • 03 Sep 2025, 12:14 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাতীয় কবিকে স্মরণে জামালপুর নজরুল সংগীত শিল্পী পরিষদের আয়োজন

দ্রোহ, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার অমর কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৯তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে জামালপুরে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) রাতে জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় নজরুল সংগীত শিল্পী পরিষদ, জামালপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ছিল গান, আবৃত্তি ও আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক এ. কে. এম. জাওয়াদুল হক। সভাপতিত্ব করেন নজরুল সংগীত শিল্পী পরিষদের সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

এছাড়া বক্তব্য রাখেন, নজরুল সংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুল ইসলাম শান্ত, কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক এ. কে. এম. ফজলুল হক মন্টু এবং সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও কার্যকরী পরিষদের সদস্য মনোয়ার হুসেন মুরাদ প্রমুখ।

পরে কোরাস গান দিয়ে সূচনা হয় অন্য পর্বের। এরপর পরিবেশিত হয় আবৃত্তি এবং একক গান।

এতে অংশ নেন, মোহাম্মদ সৈয়দুজ্জামান শান্ত, হাসিবুল শান্ত, আঁখি আক্তার, অহনা, সেতু, নিসর্গ, শুকরিয়া, আগমনী ধর, আলিফ বুশরা ও পায়েল দে। অংশগ্রহণকারীরা দলীয় ও একক গান পরিবেশন করে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাগর মুখার্জি ও মানসী ঘটক।

আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, প্রেম ও দ্রোহের বাণী সর্বস্তরে ছড়িয়ে দিতে চেয়েছে সংগঠনটি।

সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, নজরুলের কবিতা ও গান আমাদের মুক্তি, সাম্য ও মানবিকতার পথে এগিয়ে নিয়ে যায়। নতুন প্রজন্মকে তাঁর সৃষ্টির সাথে পরিচিত করানো আমাদের দায়বদ্ধতা।

প্রধান অতিথি অধ্যাপক এ. কে. এম. জাওয়াদুল হক বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম বিদ্রোহের কবি হলেও তাঁর মূল দর্শন ছিল মানবতার মুক্তি। অসাম্প্রদায়িক সমাজ গঠনে আজও নজরুলের বাণী অত্যন্ত প্রাসঙ্গিক।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহ, প্রেম ও মানবতার কবি হিসেবে বাঙালির চেতনায় অমর হয়ে আছেন। তাঁর সাহিত্য ও সংগীত আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মকে পথ দেখাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।