বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব।’ এই গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে কোনো দল যেন ভিন্ন পথে হাঁটতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলার উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আজ শুক্রবার এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তেলিপাড়া এলাকায় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মো. জাহাঙ্গীর আলম। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়েতর সদস্যরা।
ডা. শফিকুর রহমান বলেন, ‘চব্বিশের গণবিপ্লবের চেতনার বাইরে যারাই ভিন্ন পথে হাঁটবেন তাদেরও সেই স্বৈরাচারের রাস্তা ধরতে হবে এবং এর পরিণতি তেমনই হবে।’
নিজের দল ও সমস্ত রাজনৈতিক দলকে সতর্ক করে জামায়াতে আমির বলেন, ‘জনগণের চেতনার বিপক্ষে আমরা যেন না দাঁড়াই। আমাদের অবশ্যই জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়াতে হবে। তবে যদি কোনো একটি বিশেষ মহল জাতিকে প্রতারণা ও ধোঁকা দেওয়ার জন্য কিছু নিয়ে আসে, সেক্ষেত্রে তাদের প্রতিহত করতে হবে।’





