জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে জাকসু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দু'টি আবাসিক এলাকায় ভাগ করা হয়েছে। আগামীকাল ২৯ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত উক্ত আবাসিক এলাকায় বহিরাগতদের জন্য প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ শে আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান (মুকুল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী ভাগ করা আবাসিক এলাকাদ্বয়ের মাঝে একটি হলো "ছাত্রী শিক্ষার্থীদের জন্য আবাসিক এলাকা" এবং অপরটি "ছাত্র শিক্ষার্থীদের জন্য আবাসিক এলাকা।"
বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলতান বিদ্যানিকেতনের সম্মুখ প্রান্ত থেকে সমাজ বিজ্ঞান মোড় পর্যন্ত অংশ (নওয়াব ফয়জুন্নেসা হল, জাহানারা ইমাম হল ও রোকেয়া হল সংলগ্ন এলাকা) ছাত্রী শিক্ষার্থীদের জন্য আবাসিক এলাকা হিসেবে বিবেচিত হবে।
অপরদিকে বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে মীর মশাররফ হোসেন হল পর্যন্ত অংশ (আল বেরুনী হল, শহীদ সালাম-বরকত হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও ১০ নং ছাত্র হল সংলগ্ন এলাকা) ছাত্র শিক্ষার্থীদের জন্য আবাসিক এলাকা হিসেবে গণ্য হবে।
এ সময়ে ঘোষিত এলাকাগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য যে কেউ বহিরাগত হিসেবে গণ্য হবে এবং তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৩৩ বছর পর পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন।
সোহাগ/মিরর





