Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জলবায়ু অর্থায়ন ও ন্যায্য রূপান্তরের জামালপুরে তরুণদের ক্লাইমেট স্ট্রাইক

admin • 14 Nov 2025, 09:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জলবায়ু অর্থায়ন ও ন্যায্য রূপান্তরের জামালপুরে তরুণদের ক্লাইমেট স্ট্রাইক

 জলবায়ু সংকট মোকাবিলায় ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ রূপান্তরের দাবিতে জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে মেলান্দহ গোলচত্বর এলাকায় অদম্য ’১৯ ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত এবং একশন এইড বাংলাদেশ ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।

 

এতে পঞ্চাশেরও বেশি তরুণ ও শিশু জলবায়ু কর্মী অংশগ্রহণ করেন। জাতিসংঘের চলমান জলবায়ু সম্মেলন (কপ-৩০) ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে একই সময়ে বাংলাদেশের তরুণরা বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের দাবিতে এ আন্দোলন সমাবেশে যোগ দেন।

 

এসময় তারা ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে টেকসই, ন্যায্য ও সবুজ ভবিষ্যৎ গড়ার দাবি জানান।

 

তরুণ কর্মীরা বলেন, কপ-৩০ অবশ্যই একটি সিদ্ধান্তমূলক সম্মেলন হতে হবে, যেখানে গ্লোবাল সাউথের জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ফাঁকা প্রতিশ্রুতির পরিবর্তে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বৃহত্তর জবাবদিহিতা এবং ন্যায্য রূপান্তরের পথরেখা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

 

অদম্য ’১৯ ইয়ুথ ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও তরুণ জলবায়ু অধিকারকর্মী ইমরান আহম্মেদ বলেন, ন্যায্য রূপান্তর শুধু একটি নীতি নয়, এটি তরুণদের নেতৃত্বে টেকসই ভবিষ্যৎ গড়ার সুযোগ। গ্রাসরুট পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, পরিবেশবান্ধব কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে তরুণদের অন্তর্ভুক্ত না করলে সবুজ অর্থনীতি শক্তিশালী হবে না। প্রযুক্তি স্থানান্তর, স্কিল ডেভেলপমেন্ট এবং জলবায়ু অর্থায়নে তরুণদের ন্যায্য প্রবেশাধিকার এখন সময়ের দাবি।

 

সংহতি প্রকাশ করে অদম্য ’১৯ জামালপুর টিমের লিড মো. রাসেল হোসাইন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই ন্যায্য রূপান্তরের সময়।

 

বিশ্বের ধনী দেশগুলোর প্রতি আমাদের আহ্বান, তারা যেন অবিলম্বে প্রতিশ্রুত ন্যায়বিচার বাস্তবায়ন করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন হ্যাশট্যাগ প্রদর্শনের মাধ্যমে তাদের দাবিকে শক্তিশালীভাবে উপস্থাপন করেন। এবং বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হওয়ায় দেশব্যাপী জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণদের এমন উদ্যোগ অত্যন্ত জরুরি বলে জানান আয়োজকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।