পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের মো. খোরশেদ আলম মুন্সীর ছেলে মো. সেলিম মুন্সী (৪০) ও একই বাড়ির মৃত আমির মুন্সীর ছেলে আলাউদ্দিন মুন্সী (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে চাচাতো ভাই আলাউদ্দিন মুন্সী ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে সেলিম মুন্সী ওপর হামলা করে। এতে সেলিম মুন্সী ঘটনা স্থলে নিহত হন। পরে আলাউদ্দিন মুন্সী (৫০) বাড়ি গিয়ে স্ট্রোক করে মারা যায়।
সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাদ্দাম হোসেন জানান, জমিজমা বিরোধের জেরে দুইজন নিহতের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।





