সিরাজগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত ৩৭৬ লিটার পেট্রোল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন ইউএনও নুসরাত জাহান। রোববার (২৯ মার্চ) দুপুরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, গত শুক্রবার বিকেলে উপজেলার বিনসাড়া বাজারের মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এ সময় তিনি অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেন। পাশাপাশি ওই দোকান মালিক শাহ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ওই তেল স্থানীয় চাহিদার প্রেক্ষিতে উপজেলার খালকুলা নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ১১৬ টাকা লিটার দরে প্রত্যেক মোটর বাইক মালিকের নিকট ১ লিটার করে বিক্রি করা হয়। এতে ৩৭৬ লিটার পেট্রোল ৪৩ হাজার ৬১৬ টাকা বিক্রি করা হয়। সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম জানান, দু’টি ড্রামে জব্দকৃত পেট্রোল ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। বিক্রির পর খালি ড্রাম দু’টি ফেরৎ এনে মালিক পক্ষকে দেওয়া হয়েছে।
ইউএনও নুসরাত জাহান বলেন, আমরা সকল বিধি বিধান মেনে তেল জব্দের ওই কার্যক্রম পরিচালনা করেছি। বিক্রি করা তেলের টাকা সাপ্তাহিক ছুটি শেষ হওয়া মাত্রই আজ রোববার সকালে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, তেলের সংকট মূহূর্তে সরকারের নির্দেশনা মেনে মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





