Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবি শিক্ষার্থী সাজিদের ফাঁকা আসনে ফুলের তোড়া ও জাতীয় পতাকা

admin • 22 Sep 2024, 08:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জবি শিক্ষার্থী সাজিদের ফাঁকা আসনে ফুলের তোড়া ও জাতীয় পতাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের স্মরণে পরীক্ষার হলে একটি আসন ফাঁকা রাখেন তার সহপাঠীরা। শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও তার জন্য আসন ফাঁকা রেখেছেন সহপাঠীরা। খাতা-কলম, প্রশ্নপত্র রাখার জায়গায় রেখে দিয়েছেন একগুচ্ছ তাজা ফুল, টেবিলটি ঢেকে রাখা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে।

রোববার (২২ সেপ্টেম্বর) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টার পরীক্ষা চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। নিহত সেই শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ঠা আগস্ট রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে ১৪ই আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন।

 

এ বিষয়ে সাজিদের বন্ধু রনি বলেন, ‘গত ২৭ জুন ও ৩০ জুন সাজিদের জীবনের শেষ দুইটা মিডটার্ম পরীক্ষা আমি আর সাজিদ একই বেঞ্চে বসে দেই। আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমাদের মাঝে সাজিদ একগুচ্ছ ফুল হয়ে ফিরলো।’

 

সাজিদের আরেক সহপাঠী রায়হান উর রাহমান সাবাহ বলেন, ‘আজকে আমাদের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরুর আগে আমরা একসাথে প্রিপারেশন নিতাম। সাজিদ আসলে না থেকেও আমাদের মাঝেই আছে। এই বিশ্বাস নিয়ের আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

 

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার বলেন, ‘সাজিদ আমার সরাসরি ছাত্র ছিল। ক্লাসেও খুব অ্যাকটিভ ছিল। নতুন বাংলাদেশ গঠনে সে সামনে থেকে নেতৃত্ব দেবে, তা অনুমেয় ছিল। আজ সাজিদ বেঁচে থাকলে পরীক্ষা দিতে আসতো। তাই তাঁকে স্মরণ করেই শিক্ষার্থীদের সঙ্গে এই উদ্যোগ নেওয়া। সাজিদকে আমাদের বিভাগ আজীবন মনে রাখবে।’

 

প্রসঙ্গত, ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলায়। শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ অগাস্ট রাজধানীর মিরপুরে আন্দোলনরত অবস্থায় গুলিতে গুরুতর আহত হন সাজিদ। গুলিটি তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোখের ঠিক পেছনে আটকে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাজিদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা গত ১৪ই আগস্ট মৃত্যুবরণ করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।