Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ছুটি না দেওয়ায় সহকারী পরিচালককে কুপিয়ে জখম

admin • 22 Oct 2023, 09:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ছুটি না দেওয়ায় সহকারী পরিচালককে কুপিয়ে জখম

কাজ থেকে ছুটি না দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক তৈরি কারখানার সহকারী পরিচালককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত কারখানার সহকারী পরিচালক আতিকুল ইসলাম নরসিংদী জেলার শিবপুর উপজেলার ব্রজেরকান্দী এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। বর্তমানে মৈকুলী এলাকার মোক্তার হোসেনের ভাড়া বাসায় বসবাস করছেন।

আহত আতিকুর রহমান বলেন, আমি ওই কারখানায় দীর্ঘদিন যাবত সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। একই কারখানায় ইব্রাহিম ওরফে নয়ন জেনারেটর অপারেটর হিসেবে কাজ করেন। তিনি গত শুক্রবার ছুটির আবেদন করেন। ছুটির নির্দিষ্ট কোনো কারণ দেখাতে না পারায় ছুটির আবেদন নাকচ করে দেওয়া হয়।

এরই জের ধরে গত শনিবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ইব্রাহিম ওরফে নয়ন ও তার ভাড়া করা সন্ত্রাসী রবিন ভূইয়া, রুবেল ভূইয়া, আবির ওরফে অয়ন, মেহেদী ভূইয়া, সাইফুল ওরফে শুভ, হাসান আলী ভূইয়াসহ অজ্ঞাত ৮-১০ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।