চাঁদপুর সদর উপজেলায় বাসচাপায় রাহেলা আক্তার শান্তা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘোষেরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাহেলা আক্তার শান্তা উপজেলার বড় শাহতলী এলাকার শামছুল হুদার মেয়ে। তিনি জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাহেলা আক্তার শান্তা ওই রাস্তা পারাপারের সময় আইদি বাসের চাপায় নিহত হন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





