গাইবান্ধার মহিমাগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে স্টেশন মাস্টারের ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মহিমাগঞ্জ স্টেশনে করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে।
আহত স্টেশন মাস্টারের নাম মো. আব্দুল সোবহান আকন্দ (৫৫)। তিনি মহিমাগঞ্জ স্টেশনের (টিএলআর) স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস চলন্ত ট্রেনে গাইবান্ধা আসার উদ্দেশ্যে ট্রেনে উঠার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এ সময় সুবহান আকন্দের ডান হাত ও পা ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়।
মহিমাগঞ্জ স্টেশনের মাস্টার ( চলতি দায়িত্ব) মো. সোহাগ মিয়া জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।





