চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শেখ হাসিনা আবাসিক হল থেকে বহিরাগত এক টিকটকার যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আটককৃত যুবকের নাম আব্দুর রহিম। এ সময় তার কাছ থেকে বেশ কিছু সিম পাওয়া গেছে। তবে অপ্রীতিকর কিছু পাওয়া যায়নি।
শনিবার (০২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে দুপুর ২টার দিকে বহিরাগত ওই যুবককে আটক করা হয়। আটককৃত যুবক রহিমের বাড়ি নোয়াখালী। তিনি স্থানীয় এক কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনা হলের প্রহরী বৈদ্যুতিক মোটরের সুইস অন করতে গেলে সেই সুযোগে হলের ভেতরে মধ্যে প্রবেশ করেন অভিযুক্ত আব্দুর রহিম। পরে হলের দ্বিতীয় তলায় উঠে বুক পকেটে থাকা ক্যামেরা অন করে ভিডিও করতে থাকেন তিনি। এ সময় হলের কয়েকজন ছাত্রীর সন্দেহ হলে তাকে জিজ্ঞেসবাদ করলে ভিডিও করার বিষয়টি সামনে আসে। পরে হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দিলে তারা হলে এসে বহিরাগত ওই যুবককে আটক করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত যুবক মূলত টিকটকার। বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে অতিউৎসাহী হয়ে ভিডিও করতে করতে তিনি ছাত্রী হলে ঢুকে পড়েছিলেন। তবে তার কাছে সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, আটককৃত যুবকের অভিভাবককে খবর দেয়া হয়েছে। তারা আসলে তাকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হবে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ হলে গিয়ে বহিরাগত যুবককে আটক করি। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ইমেজের জন্য হুমকিস্বরূপ। আমরা তার অভিভাবককে খবর দিয়েছি। তাকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হবে।





