চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজন করে নারী ও শিশু। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী ‘পদক্ষেপ’ পরিবহনের একটি বাস নাজিরহাটগামী সিএনজিচালিত অটোরিকশায় চাপা দিলে ওই সাতজন নিহত হন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থল চারিয়া এলাকা থেকে স্থানীয় বাসিন্দা মো. সাহেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশসহ স্থানীয়রা জড়ো হন। সাতটি লাশ উদ্ধার হয়েছে।





