রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বৃদ্ধি পেলেও খাবারের মান বাড়েনি। নিম্নমানের খাবার নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, গত ২৩ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের ডাইনিং খাবারের দাম পূর্বের তুলনায় বাড়ানো হয়ছে। মুরগী/মাছ-সবজি-ভাত- ৩৫ টাকা যা পূর্বের চেয়ে ৫ টাকা করে বেশি। এতে একজন শিক্ষার্থীর দুইবেলা খেতে ৭০ টাকা খরচ হচ্ছে যা মোটের উপর ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের একাধিক শিক্ষার্থী জানান, ‘ডাইনিংয়ে খাবারের দাম পূর্বে দুপুর এবং রাত ৩০ টাকা ছিল এখন তা প্রতিবলা ৩৫ টাকা হয়েছে। এদিকে খাবারের মান বাড়েনি । সেক্ষেত্রে খাবারের পূর্বে দামে ফিরিয়ে ও মান বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন।’ এদিকে ডাইনিং এ খাবারের দাম বৃদ্ধির কারণে ব্যাক্তিগত বৈদ্যুতিক হিটার ব্যাবহারের প্রবণতা দিনদিন বাড়ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী রিপন মিঞা বলেন, খাবারের দাম বাড়ানো কোনোভাবেই ঠিক হয়নি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমা সীমা বলেন, "দাম বাড়ানো হলেও নেই খাবারের মান। খাবারের মান বৃদ্ধির জন্য প্রসাশানের ভর্তুকি খুবই প্রয়োজন বলে মনে করি। মানহীন খাবার নিয়মিত খেলে অসুস্থ হয়ে পড়বো।"
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মুরমু বলেন, "আমার মনে হয় খাবারের দাম আগেরটাই রাখা উচিত ছিল। পূর্বের দাম রেখে বিশ্ববিদ্যালয় প্রসাশন ভর্তুকি দিলে শিক্ষার্থীদের জন্য ভালো হতো। দাম বাড়ানো বিষয়টা একেবারেই ঠিক হয়নি।”
বঙ্গবন্ধু হল প্রভোস্ট ড.বিজন মোহন চাকী বলেন, "কোন বরাদ্দ বা ভর্তুকী না থাকায় শিক্ষার্থীদের টাকা দিয়েই তাদের খাওয়াতে হয়। বর্তমান বাজার মূল্যে দুই বেলায় ৭০ টাকায় খাবারে মান বাড়ানো সম্ভব না।"





