Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কেএনএফের বিরুদ্ধে রুমায় সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

admin • 14 Feb 2024, 04:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কেএনএফের বিরুদ্ধে রুমায় সচেতন নাগরিক সমাজের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক,বান্দরবানঃ

বান্দরবানে রুমায় বিভিন্ন গ্রামবাসীর ওপর কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নির্যাতন, চাঁদাবাজি ও অপহরণের প্রতিবাদে মানববন্ধন করেছে রুমা সচেতন নাগরিক সমাজ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রুমা বাজারে এই মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়।

এর আগে রুমা বাজার থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রিজে এসে শেষ হয়। এসময় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন গ্রাম থেকে আসা হাজারো নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চাইলেও কেএনএফ সন্ত্রাসীরা সেই পরিবেশে অশান্তি সৃষ্টি করছে। পাহাড়ে বসবাসরত নিরীহ মানুষদের ওপর গুলি করার হুমকি, হয়রানি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বেড়ে চলেছে। যার কারণে পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। তাদের অত্যাচারের নিজের ঘরবাড়ি ছেড়ে ভয়ে পালিয়ে যেতে হচ্ছে বিভিন্ন স্থানে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও নানা সমস্যার সম্মুখীন হতে হবে।

বক্তারা আরও বলেন, আমরা চাই সকল জাতিকে নিয়ে শান্তিভাবে বসবাস করতে। কারোর ওপর জোর-জুলুম দিয়ে বসবাস করতে নয়। তাই পাহাড়ের রুমা উপজেলাতে শান্তি ফিরিয়ে আনতে কেএনএফের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সর্বক্ষেত্রে প্রতিবাদ ও প্রতিরোধ করার আহ্বান জানান বক্তারা।

জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি শান্তি-প্রতিষ্ঠা কমিটির সঙ্গে কেনএফের বৈঠকের কথা রয়েছে। এর আগের বৈঠকে সশস্ত্র সংঘাত বন্ধে উভয়পক্ষ সম্মত হলেও কেএনএফ সমঝোতা চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছেন শান্তি কমিটির সদস্যরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, ২নং রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা শৈবং, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি উথোয়াইচিং মারমা,সচেতন নাগরিক যুব সমাজের প্রতিনিধি অংচোওয়াং মারমাসহ রুমা সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য, গতকাল সকালে কেএনএফ সদস্যরা চাঁদা না পেয়ে রিজুকপাড়ার বাসিন্দা উহ্লাচিং মারমাকে (৩৭) উদ্দেশ্য করে গুলি চালালে ঘটনাস্থলে তিনি আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এর ফলে কেএনএফ সংগঠনের প্রতি ক্ষোভে ফুসে উঠে রুমা উপজেলার সচেতন নাগরিক সমাজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।