Saturday, 26 September 2026
শিরোনাম
স্বাস্থ্যকেন্দ্র নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪ কুষ্টিয়া মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন-চিকিৎসকদের হাতাহাতি, আটক ৩ পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১১ ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল নারীর কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন কুমারখালী থানা নারী দল ইবিতে অপ্রীতিকর অবস্থায় প্রেমিক যুগল ধরা, আজ বিয়ে সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না : হামিম কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মেঘালয়ে শিশু ও ছয় নারীসহ ১১ বাংলাদেশি আটক
খুলনা সারা দেশ

কুষ্টিয়া মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন-চিকিৎসকদের হাতাহাতি, আটক ৩

• • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন-চিকিৎসকদের হাতাহাতি, আটক ৩

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে রোগীর স্বজনদেরও সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় মৃত রোগীর ছেলেসহ তিনজনকে থানায় নিয়ে গেছে পুলিশ।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ইউনিটে এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম আতিয়ার শেখ (৬৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাওতা গ্রামের বাসিন্দা। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অসুস্থ আতিয়ার শেখকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে ইসিজি করানোর পরামর্শ দেন। ইসিজি করার প্রস্তুতির মধ্যেই তার মৃত্যু হয়।

 

এরপর রোগীর চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলে স্বজনদের সঙ্গে চিকিৎসক ও হাসপাতালকর্মীদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। পরে রোগীর স্বজনদের সঙ্গে তাদেরও হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

 

নিহত রোগীর এক স্বজন জানান, আতিয়ার শেখকে প্রথমে হাসপাতালের একটি ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া হয়। পরে চিকিৎসকের কাছে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়ার মধ্যেই তার মৃত্যু হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

স্বজনদের অভিযোগ, সংঘর্ষের একপর্যায়ে তাদের কয়েকজনকে মারধর করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও তারা দাবি করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর স্বজনেরাই ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা করেছেন। এতে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থী আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. আকুল উদ্দিন বলেন, চিকিৎসকেরা যথাযথভাবে দায়িত্ব পালন করছিলেন এবং ওই সময় কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। গুরুতর অবস্থায় আতিয়ার শেখ হাসপাতালে আসেন এবং চিকিৎসকের কাছে পৌঁছানোর পরপরই তার মৃত্যু হয়। এতে চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না।

 

তিনি বলেন, রোগীর মৃত্যুর পর স্বজনেরা চিকিৎসকদের ওপর চড়াও হয়ে গায়ে হাত দেন। পরে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যেও কয়েকজন আহত হন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

 

পুলিশ জানায়, ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে মৃত রোগীর ছেলে ও আরও দুই স্বজনকে থানায় নেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে রাতে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

এদিকে সংঘর্ষের পর হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।