কুষ্টিয়ার সদরে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (৮ মে) বেলা ১২টার দিকে সদর উপজেলার চৌড়হাস মুকুল সংঘ ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটক মীর রেজাউল ইসলাম কুষ্টিয়ার সদর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার। তিনি বলেন, ‘আটক কাউন্সিলরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সিদ্ধান্ত পরে জানানো হবে।’
চৌড়হাস মুকুল সংঘের প্রিজাইডিং অফিসার এম এস মাসুদুজ্জামান সাংবাদিকদের জানান, স্থানীয় কাউন্সিলর রেজাউলের নেতৃত্বে তার সমর্থকেরা ভোটকেন্দ্রের বাইরে মূল ফটকের সামনে হট্টগোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। এতে সাধারণ ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলায় নিয়োজিত স্ট্রাইকিং ফোর্স তাকে আটক করে।
এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল জানান, মাত্র ভোট শেষ হল। ম্যাজিস্ট্রেট টিম এখনও আসেনি। আসলে আইন অনুযায়ী তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।





