কুমিল্লা ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। কুমিল্লার ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) সকালে ভোটগ্রহণের সময় কুমিল্লার ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা হয়।
নিজের ভোটাধিকার প্রয়োগের পর ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার অভিযোগ করেন, ১৯ নম্বর ওয়ার্ডে মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় তার এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
এর আগে কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে বাধা দেয়ার অভিযোগ উঠে। সেই সাথে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর এমন অভিযোগ করেন প্রার্থীরা।
এদিকে, ভোটগ্রহণ শুরুর পর সকালেই কুমিল্লা হাইস্কুল কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাও হয়।
অন্যদিকে, ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। মেয়র পদে পাঁচজন, ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে একশ' ৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাজীপুরের কাপাসিয়ায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে, ভোটাদের উপস্থিতি তুলনামুলকভাবে কম।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এতে জেলার নয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন পরিষদের এক হাজার ৩শ' ৮৪ জন জনপ্রতিনিধিরা ভোট দিবেন।





