Tuesday, 22 September 2026
শিরোনাম
সারা দেশ খুলনা

কুমারখালীতে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেপ্তার

• 22 Sep 2026, 04:52 PM • পঠিত 91 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রামে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ১৬ বছর বয়সী অভিযুক্ত কিশোর ভুক্তভোগী শিশুর আপন চাচাতো ভাই। এ ঘটনায় নির্যাতিতা শিশুর বাবা বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন সকালে ভুক্তভোগী শিশুর বাবা অভিযুক্ত কিশোরের হাতে কিছু টাকা দিয়ে তাঁর মেয়ের কাছে পাঠান। পরবর্তীতে দুপুরের দিকে তিনি জানতে পারেন যে তাঁর বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা হয়েছে। দ্রুত বাড়ি ফিরে তিনি ইশারার মাধ্যমে মেয়ের কাছ থেকে ঘটনার বিবরণ জানতে পারেন।

 

ভুক্তভোগী শিশু জানায়, সে ঘরে বসে খাওয়ার সময় অভিযুক্ত কিশোর সেখানে প্রবেশ করে এবং একপর্যায়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং নির্যাতিতার পরিবার আইনি পদক্ষেপ নেয়।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।