কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ববিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন তরুণ শেখ (৪৮) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন আশরাফ শেখ নামে আরও একজন। তাদেরকে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় ওই ঘটনা ঘটে।
আহত তরুণ শেখ একই এলাকার মৃত মোশাররফ শেখের ছেলে। তিনি জেলার বিভিন্ন এলাকায় ফেরি করে মশারি বিক্রি করেন। গুলিবিদ্ধ ব্যবসায়ীর পরিবার ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার ভোররাতে স্থানীয় সাবেক মেম্বার খালেকের ছেলে রিপন, শিপন ও লিটনসহ ছয় থেকে সাতজন তাদের সহযোগীদের নিয়ে বেড় কালোয়া এলাকায় তরুণ শেখের বাড়িতে যায় এবং তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন তরুণ শেখ। তাদের হামলায় আহত হন আশরাফ শেখ নামে আরও একজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তরুণ শেখের ভাইয়ের ছেলে হামিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় সাবেক মেম্বার খালেক ও তার ছেলেরা এলাকায় আধিপত্য বিস্তার করতেই নিরীহ মানুষের ওপর অন্যায়ভাবে নির্যাতন করে আসছে। আজ আমার চাচা তরুণ শেখকে হত্যা করতেই গুলি করা হয়েছে। আমরা এদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, তরুণ শেখ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার বাম হাতের কবজির ওপরে এবং বাম পায়ের হাঁটুর নিচে তিনটি গুলি লেগেছে। এখন তিনি শঙ্কা মুক্ত রয়েছেন।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, থানা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার এমন কোনো ঘটনা ঘটেনি।





