Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

admin • 26 Apr 2024, 10:57 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গানকে কেন্দ্র করে সংঘর্ষ একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া মেলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শরীফ উদ্দিন (২৮) সুখিয়া ইউনিয়নের কুষাকান্দা গ্রামের হোসেন উদ্দিনের ছেলে। এ ঘটনা একই গ্রামের শাহজাহানের ছেলে আজাদ মিয়া (২৮) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুরুজ মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫) আহত হয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামে বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন হয়। মেলা শেষ হয়ে যাওয়ার পরেও মেলা কমিটিকে না জানিয়ে গ্রামের যুবক সজিব, সোহেল, শাহিনসহ কয়েকজন যুবক মিলে গানের আয়োজন করে। এতে অর্থ প্রদান করে গ্রামের শিল্পপতি আব্দুল মান্নান মানিক। গান চলাকালে হঠাৎই গান বন্ধ হয়ে যায়। এ সময় গানের আয়োজক কমিটির সঙ্গে গান শুনতে আসা কিছু যুবক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শরীফ উদ্দিন, আজাদ মিয়া ও লিটন মিয়া গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ শরীফ উদ্দিন ও আজাদ মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে শরীফ উদ্দিনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য আজাদ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেলা কমিটির সাধারণ সম্পাদক ও নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুছলেহ উদ্দিন জানান, মেলা শেষ হয়ে গেছে প্রায় সাতদিন হয়েছে। এ ছাড়াও মেলা কমিটিকে না জানিয়ে গ্রামের কতিপয় যুবক গানের আয়োজন করে। শুনেছি এই গানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।