Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

কাফনের কাপড় গায়ে জড়িয়ে জিরোপয়েন্ট দখল, গুলিস্তানসহ আশপাশের এলাকা অচল

admin • 10 Jul 2024, 05:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কাফনের কাপড় গায়ে জড়িয়ে জিরোপয়েন্ট দখল, গুলিস্তানসহ আশপাশের এলাকা অচল

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গুলিস্তানের জিরোপয়েন্ট দখল করে ব্লকেড কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) বেলা ৩টার পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলা থেকে কাফনের কাপড় গায়ে জড়িয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে যুক্ত হয় সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি কবি নজরুল কলেজ।

 

বিকেল ৪টা থেকে প্রতিবেদন লিখা পর্যন্ত রাজধানীর জিরোপয়েন্ট দখল করে রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। কতক্ষণ অবরোধ করে রাখা হবে সেটা এখনো জানা যায়নি। গুরুত্বপূর্ণ এই স্থান অবরোধের ফলে বন্ধ রয়েছে সদরঘাট ও নারায়ণগঞ্জগামীসহ অন্যান্য রুটের গাড়ি চলাচল। তবে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স এবং বয়স্কদের চলাচলে বাধা দিচ্ছে না আন্দোলনকারীরা।

 

এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন আমরা মনে করি একটি স্বাধীন জাতি কখনো বৈষম্যের শৃঙ্খলে আবদ্ধ থাকতে পারে না। তাই আমরা ছাত্র জনতা এক হয়ে আন্দোলন করে যাবো, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। আমরা আশা করি, কোটা সংস্কারে আমাদের দাবি সরকার শিগগিরই মেনে নেবে।

 

এ সময় তারা ‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ‘ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।