কক্সবাজারের ঈদগাঁওতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৬ জন। সোমবার দুপুর ২ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালীর ইলশা এলাকার মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, একই উপজেলার রায়ছড়া এলাকার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া। তারা চোখের চিকিৎসা করাতে গত শুক্রবার কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে এসে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
ওসি মোজাম্মেল হক জানান, বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘বাঁশখালীর ২৬ জন রোগী চোখের চিকিৎসা শেষে সোমবার দুপুরে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। ঈদগাঁ এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই মহাসড়কের দু'পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশও ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।’





