Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ককটেল ফাটিয়ে ৭০ ভরি স্বর্ণ লুট

admin • 14 Oct 2023, 08:53 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ককটেল ফাটিয়ে ৭০ ভরি স্বর্ণ লুট

মানিকগঞ্জের দৌলতপুরে মোটরসাইকেলের গতিপথ রোধ করে ককটেল ফাটিয়ে দিলীপ রাজবংশী দিলু নামে এক ব্যবসায়ীর ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে এক লাখ টাকাও ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।‌

শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরংগাইল -টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের কাছে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে গেলে জাকির হোসেন মৃধা (৩৬) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দৌলতপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটককৃত ছিনতাইকারী মো. জসিম উদ্দিন (৩৬) গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদা এলাকার আবুল শেখের ছেলে। দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ভুক্তভোগী ব্যবসায়ী দিলীপ রাজবংশী দিলু (৪০) জানান, তিনি দৌলতপুর বাজারে মা জননী জুয়েলার্সের স্বত্বাধিকারী। প্রতিদিনের মতোই রাতে তার কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুটি মোটরসাইকেল করে পাঁচজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তাদের কাছে থাকা ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

 

তিনি আরও জানান, তাদের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে নাগরপুরের গাংবিহালী এলাকায় ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন ঘেরাও করে। এ সময় ছিনতাইকারীরা গুলি বর্ষণ করে পালিয়ে যায়।‌ এক পর্যায়ে দৌলতপুরের গাজীসাইল নামক স্থানের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে ওই চক্রের এক সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

 

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা জানান, ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।‌‌ এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ। একই সঙ্গে মালামাল উদ্ধারে অভিযান চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।