Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ওসমান হাদি একটি স্বপ্নের নাম, স্বপ্নের মৃত্যু নেই : জাবি উপাচার্য

admin • 19 Dec 2025, 03:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ওসমান হাদি একটি স্বপ্নের নাম, স্বপ্নের মৃত্যু নেই : জাবি উপাচার্য

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

 

 শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোক বার্তায় উপাচার্য বলেন, “আততায়ীর গুলিতে ওসমান হাদির প্রাণ বিসর্জন দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আধিপত্যবাদ ও আগ্রাসন শক্তির বিরুদ্ধে তাঁর রাজনৈতিক দর্শন দেশবাসীকে গভীরভাবে আন্দোলিত করেছিল।”

উপাচার্য আরও বলেন, “ওসমান হাদি একটি স্বপ্নের নাম। স্বপ্নের মৃত্যু নেই, বিপ্লবীদের মৃত্যু নেই। কারণ বিপ্লবীরা স্বপ্নদ্রষ্টা। তাঁরা স্বদেশবাসী ও বিশ্বমানবতার উজ্জ্বল জীবনের স্বপ্ন বাস্তবায়নে জীবন উৎসর্গ করেন।” তিনি বলেন, “ওসমান হাদির প্রস্থান কেবল শারীরিক, তাঁর কর্ম, স্বদেশচিন্তা ও মূল্যবোধ চিরকাল অম্লান থাকবে।”

  আরো পড়ুন :ওসমান হাদির সন্তান ও পরিবারের দায়িত্ব নেবে সরকার: প্রধান উপদেষ্টা  

শোক বার্তায় উপাচার্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকার আহ্বান জানান।

এছাড়া, ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামীকাল শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  আরো পড়ুন : বাংলাদেশ ব্যাংকের লিখিত পরীক্ষা স্থগিত  

একই সঙ্গে শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের মসজিদসমূহে শহিদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। উপাচার্য শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

 

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।