Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

admin • 15 Feb 2024, 09:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য (এমপি) মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণের অভিযোগে ১৬ জানুয়ারি ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম জানান, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় আসামি মহিউদ্দীন বাচ্চুর বিরুদ্ধে সমন জারি করেছিলেন আদালত। বৃহস্পতিবার মামলাটির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত হননি।

আদালতের নির্দেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২২ ডিসেম্বর চট্টগ্রাম-১০ আসনের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের এক হাজার টাকা করে এবং মাদানী মসজিদে এক লাখ টাকা অনুদানের চেক দেন মহিউদ্দিন বাচ্চু। যা জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের অবহিত করেন। একইভাবে ২৪ ডিসেম্বর লালখান বাজারে তার প্রধান নির্বাচনী কার্যালয় থেকে মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিনদের ৬০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

পরে নির্বাচনী অনুসন্ধান কমিটি ২১টি মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণের সত্যতা পায়। এ নিয়ে গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশন মামলা করার নির্দেশ দেয়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে মহিউদ্দিন বাচ্চু ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের প্রার্থী মনজুর আলম পেয়েছিলেন ৩৯ হাজার ৫৩৫ ভোট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।