ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আজকে ব্রাহ্মণবাড়িয়ার নারীরা যেভাবে নিরাপদে চলাফেরা করতে পারে,স্কুল-কলেজে সন্তানকে পাঠিয়ে নিরাপদ বোধ করে,তাদের স্বামীরা বাজার করে নিরাপদে বাসায় ফেরে,ব্যাংক থেকে টাকা তুলে ব্যবসাপ্রতিষ্ঠানে যেতে পারে, এমন অবস্থা আজ থেকে ১২ বছর আগে ছিলো না।
ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ এই সহঅবস্থা বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ার মা ও বোনদের কাছে আমার দাবি তারা যেনো নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেন।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু স্কয়ারে মাদক ও মাদক কারবারি,ছিনতাইকারীমুক্ত নিরাপদ ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে আয়োজিত বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আপনারা নিজের স্বামী-সন্তানকে নিয়ে ৭ তারিখ নৌকা প্রতীকে ভোট দেন,নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া অব্যাহত থাকবে। এমন কাউকে ভোট দেবেন না যারা পার্লামেন্ট মেম্বার বানান করতে পারেনা।
তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সুশিক্ষিত,ভদ্র,সজ্জনদের জনপ্রতিনিধি হওয়ার জায়গা। এখানে অন্য কোনো ব্যক্তি জনপ্রতিনিধি হলে সাধারণ মানুষের জীবনযাত্রা অনিরাপদ হয়ে যাবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মিনারা আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান বক্তা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ফাহিমা খাতুন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য পারভীন জামাল কল্পনা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।





