Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নয়: ইসি আলমগীর

admin • 24 Apr 2024, 11:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নয়: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, যে কেন্দ্রে নির্বাচন হবে, সেখানে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে অথবা সুষ্ঠ নির্বাচনের পরিবেশ না থাকে তাহলে সেখানে যে প্রিজাইডিং অফিসার থাকবেন তিনিই নির্বাচন বন্ধ করতে পারবেন। তিনি যদি কোন কারণে বন্ধ করতে না পারেন তবে সেক্ষেত্রে যারা রিটানিং ও সহকারি রিটানিং অফিসার থাকবেন তারাই বন্ধ করতে পারবেন।

 

আর এমন যদি হয় উপজেলা নির্বাচনের কোন আসনেই নির্বাচন সুষ্ঠ করা যাচ্ছে না তাহলে পুরোটাই বন্ধ করে দিতে পারবেন নির্বাচন কমিশন। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে প্রথম ধাপে টাঙ্গাইল জেলার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

এ সময় ইসি আলমগীর আরও বলেন, যদি কোন প্রার্থী বা তার সমর্থক অন্য কোন প্রার্থী বা সমর্থকে আক্রমণ করে, আগুন জ্বালিয়ে দেয়, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর জ্বালিয়ে দেয় যেগুলোকে ফৌজদারি অপরাধ বলে সে বিষয়ে শাস্তি আরও কঠিন হবে। নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি যথেষ্ট না, আরও নির্বাচনী আইন আছে। সেই আইনের অধীনে ফৌজদারি যে অপরাধগুলো রয়েছে সেক্ষেত্রে আমাদের অফিসার এবং পুলিশও মামলা করতে পারবে। আমাদের অনুমতির প্রয়োজন হবে না। এ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সবাই থাকবে শুধু সেনাবাহিনী থাকবে না।

 

তিনি আরও বলেন, সেনাবাহিনী শুধু জাতীয় নির্বাচনে রাখা হয়। জাতীয় নির্বাচন সারাদেশে এক সঙ্গে অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কম থাকে সেজন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়। উপজেলা নির্বাচনে কয়েকটি ধাপে হবে। তাই জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা অনুমোদন দিয়েছি।

 

নির্বাচন কমিশনার আরও বলেন, একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় অবশ্যই যেতে পারবেন। তবে কোন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না। ভোটের দিন কেন্দ্রে গিয়ে তার ভোট দিতে পারবেন। কিন্তু কোন প্রার্থীকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না।

 

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিউর রহমানসহ টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলার চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।