Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

উন্নয়ন না দেখে সমালোচনা করলে কিছুই বলার নেই: প্রধানমন্ত্রী

admin • 11 Nov 2022, 05:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
উন্নয়ন না দেখে সমালোচনা করলে কিছুই বলার নেই: প্রধানমন্ত্রী

যুবলীগের নেতাকর্মীরাই উন্নত বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যুবলীগ আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে। যুবক থাকলে কাজ করার অনেক সুবিধা। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবদের সম্পৃক্ত করতে যুবলীগ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তরুণরাই পারে দেশকে গড়ে তুলতে।

 

শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের সুবর্ণজয়ন্তীর গণসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপির মতো দুর্নীতিগ্রস্ত দলের মুখে আওয়ামী লীগের সমালোচনা শোভা পায় না। যাদের নেতা এতিমদের টাকা মেরে খেয়েছে তাদের দিয়ে দেশের উন্নয়ন হবে না।

 

এছাড়া যারা দেশের উন্নয়ন না দেখে সমালোচনা করে তাদের কিছুই বলার নেই বলেও উল্লেখ করেন তিনি।

 

শেখ হাসিনা বলেন, সারা বিশ্বে যখন দুর্ভিক্ষের পদধ্বনি, তখন বাংলাদেশে ইনশাল্লাহ দুর্ভিক্ষ হবে না। সেজন্য এখন থেকেই প্রস্ততি নিতে হবে।

তিনি বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়েই দেশকে স্বাবলম্বী করতে চায় আওয়ামী লীগ। অর্থনীতিকে গতিশীল করাই আমাদের লক্ষ্য।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে গণসমাবেশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুর আড়াইটায় দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান। দুপুর পৌনে ৩টার দিকে বেলুন ও কবুতর উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন তিনি। এসময় পুরো সোহরাওয়ার্দী উদ্যান যেন জনসমুদ্র। নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দেন বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং নৌকার নামে।

রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাসমাবেশে আসছেন যুবলীগের নেতাকর্মীরা। কর্মীদের মুখে জয়বাংলা স্লোগান আর মিছিলে মিছিলে প্রকম্পিত নগরীর রাজপথ।

বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত কর্মীদের ছিল স্বতন্ত্র ড্রেসকোড। যা মিছিল আর শোডাউনে বাড়তি শোভাবর্ধন করছে।

সংগঠনের প্রতি আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল আগত কর্মীদের মুখে। নেতাকর্মীরা বলছেন, দেশের দুর্যোগ, দুর্বিপাকে সম্মুখপানে থাকার পাশাপাশি আগামী দিনে রাজপথে থেকে যেকোনো সহিংসতা রুখতে প্রস্তুত যুবলীগ।

এদিকে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকার সড়ক বন্ধ করে দেয়ার পাশাপাশি রোড ডাইভারশন করে দেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।