জামালপুরের ইসলামপুর উপজেলার ৪নং সাপধরী ইউনিয়নে কাশারীডোবা এলাকায় বাধ না থাকায় বন্যার সময়ে ওই এলাকার ৫ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ দিন চেস্টা করেও কোনো ব্যবস্থা না হওয়ায় এবার উপজেলা নির্বাহী অফিসার ইসলামপুর, জামালপুর বরাবর লিখিত আবেদন দিয়েছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।
গত শুক্রবার ইসলামপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মু: তানভীর হাসান রুমানের হাতে উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামের মুকুল মন্ডলের বাড়ি থেকে মজিবরের বাড়ি পর্যন্ত শুদ্ধ খালের উপর বাঁধ-কাম-রাস্তা নির্মাণে এলাকাবাসীর পক্ষে ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ খলিলুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক তমছের আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক সবুজ মন্ডল, আজিজুর রহমান চৌধুরী, শাহজাহান আলী মন্ডলের সাক্ষরিত একটি আবেদন পত্র দেওয়া হয়।
এতে উল্লেখ করা হয়, আমরা নিম্নস্বাক্ষরকারীগণ ইসলামপুর উপজেলাধীন ৪নং সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামের বাসিন্দা। অত্র গ্রামে ছোট একটি খাল থাকায় বর্ষা মৌসুমে গ্রামটি দুইভাগে বিভক্ত থাকে। এই খালের জন্য গ্রামটির প্রায় ৫ হাজার মানুষ বর্ষা মৌসুমে যাতাযাতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হয়।
এছাড়াও খালটির পশ্চিমপাড়ে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের নামে গড়ে ওঠা 'ফরিদুল হক খান দুলাল বাজার', ১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি হাফেজিয়া মাদ্রাসা এবং পূর্বপাড়ে কাশারীডোবা নতুন বাজার, কাশারীডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠনঠনিয়াপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসায় নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়াও কাশারীডোবা গ্রামের মধ্য দিয়ে ছোট এই খালটি প্রবাহিত হওয়ায় এই গ্রামের কৃষকরাও তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে নানা ভোগান্তির শিকার হচ্ছে। কাশারীডোবা গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত এই বালটির উপর দিয়ে মাত্র ৩০০ মিটার দীর্ঘ একটি বাঁধ কাম রাস্তা নির্মাণ করা একান্ত প্রয়োজন।
অবিলম্বে এই বাঁধ-কাম-রাস্তাটি নির্মিত হলে কাশারীডোবা গ্রামের প্রায় ৫ হাজার মানুষ বর্ষা মৌসুমে যাতায়াতের দুর্ভোগ থেকে রক্ষা পাবে। এছাড়াও বাঁধটি নির্মিত হলে কাশারীডোবা গ্রামের সাথে সাপধরী ইউনিয়নের আমতলী, ঠনঠনিয়াপাড়া, জোড়ভোবা, ইন্দুলামারী, নামার চর, কোদালধোয়া, কটাপুর, রাজাপুর, ভাংবাড়ী, চিনাডুলী ইউনিয়নের নয়াপাড়া এবং বেলগাছা ইউনিয়নের শিলদহ ও সিন্দুরতলী গ্রামের সরাসরি যোগাযোগ সৃষ্টি হবে এবং যাতায়াতের পথ সুগম হবে। এমতাবস্থায় কাশারীডোবা গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত শুষ্ক খালটির উপর মাত্র ৩০০ মিটার দৈর্ঘ্য স্বল্প প্রশস্তের বাঁধ-কাম-রাস্তা নির্মাণ অতীব জরুরী।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, ইসলামপুর উপজেলাধীন ৪নং সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে প্রায় ৫ হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবের জন্য উল্লেখিত স্থানে ১টি বাঁধ-কাম-রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সু-মর্জি হয়।





