চট্টগ্রামে মসজিদ ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবিতে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগ্রামী মুসলিম জনতা।
বুধবার দুপুর ২টার দিকে ইসকনকে নিষিদ্ধের দাবিতে সংগ্রামী মুসলিম জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে লোহাগড়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, লোহাগড়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা শাফায়াত হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা তাওহীদুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা নুরুল্লাহ, মো. আরিফুজ্জামান হেলালী, হাফেজ মো. শরিফুল ইসলাম, মো. শাহীন আহমেদ, এস কে মিন্টু প্রমুখ।
এ সময় বক্তারা ঘটনার সঙ্গে জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) কে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান এবং তারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।





