Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইরানে বিষাক্ত মদ বিক্রির দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড

admin • 27 Sep 2023, 07:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইরানে বিষাক্ত মদ বিক্রির দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড

বিষাক্ত মদ বিক্রির দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির বিচার বিভাগ। তাদের বিক্রি করা মদ পান করে গত জুনে ১৭ জনের মৃত্যু হয়। সে সময় আরও প্রায় ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ করা হয়েছে। এরপর থেকে দেশটিতে মদের বিশাল অবৈধ বাণিজ্যের জন্ম হয়েছে, যার মধ্যে বিষাক্ত মিথানলও রয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি বলেছেন, ‘তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশে বিষাক্ত মদ বিতরণের জন্য ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের মধ্যে ৪ জনকে মৃত্যুদণ্ড ও বাকিদের এক থেকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

দোষীরা দেশটির সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন বলে জানান বিচার বিভাগের মুখপাত্র। জুন মাসে কর্তৃপক্ষ বলেছিল, তারা একটি প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে ছয় হাজার লিটারের বেশি অবৈধ মদ জব্দ করেছে।

ইরানের ফরেনসিক ইনস্টিটিউট জানায়, অ্যালকোহলযুক্ত নকল পানীয় সেবনে এ বছর মার্চ পর্যন্ত ৬৪৪ জন মারা গেছে। এ সংখ্যা আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।