গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন আজ রোববার দুই মুসল্লির মৃত্যু হয়েছে। দুজনই হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানান ইজতেমায় লাশ দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তি।ওই দুই মুসল্লি হলেন ঢাকার বংশালের মো. আনিস (৭০) ও ভোলা জেলার মো. আবদুল্লাহ (৩৫)।
এর মধ্যে মো. আনিস সকাল সাড়ে ৭টার দিকে ও মো. আবদুল্লাহ দুপুর ১২টার দিকে মারা যান।ইজতেমায় মারা যাওয়া মুসল্লিদের লাশ দেখভালের দায়িত্বে থাকা মো. সাইফুল ইসলাম জানান, আনিস সকালে বয়ান শোনা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।
পরে চিকিৎসক এসে তাঁকে দেখে জানান হৃদ্রোগে মারা গেছেন। একইভাবে আবদুল্লাহও দুপুর ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনিও হৃদ্রোগে মারা যান।
সাইফুল আরও বলেন, এই দুজন নিয়ে এবারের ইজতেমায় অংশ নিতে আসা সাত মুসল্লির মৃত্যু হয়েছে। প্রত্যেকের লাশ জানাজা শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।





